চীনে স্থানীয় বাজারে জ্বালানির বেচাকেনা কমেছে। তবে তেল ও গ্যাসের শক্তিশালী দামের কারণে প্রথমার্ধে চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশনের (সিনোপেক) আয় বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। ফলে রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিটির আয় বেড়ে ৪ হাজার ৩৫৩ কোটি ইউয়ান হয়েছে, যা আয় বৃদ্ধির রেকর্ড।

সিনোপেক হলো সক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় পরিশোধনাগার। তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে আয় হয়েছে ১ দশমিক ৬১ ট্রিলিয়ন, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৭ দশমিক ৯ শতাংশ বেশি। কেবল সিনোপেকই নয়, চীনের পেট্রোচায়না এবং সিএনওওসি লিমিটেডেরও মধ্যবর্তী মুনাফায় রেকর্ড হয়েছে।

এ সময়ের মধ্যে সিনোপেক ১২ কোটি ৭ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করেছে, যা এর আগের বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কম। সেইসঙ্গে এর পরিশোধিত তেলের বিক্রি ৯ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৮৪ লাখ ২০ হাজার টনে।

কভিড-১৯ সংক্রান্ত কঠোর বিধিনিষেধসহ সীমিত উৎপাদনের কারণে রফতানিতে যে ধাক্কা লেগেছে তার কারণে এ পরিশোধনাগারের উৎপাদন ২০১১ সালের পর এবারই সর্বনিম্নে রয়েছে। গত ছয় মাসে সিনোপেক ১৩ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে, যা গত বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে এর প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৯২ ঘনফুটে। এ অর্ধবছরের জন্য মূলধন ব্যয় দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৫ কোটি ইউয়ানে, যা আগের বছর ছিল ৫ হাজার ৭৯৪ কোটি ইউয়ান।