টানা ছয় সপ্তাহ মন্দা ভাবের পর ঘুরে দাঁড়িয়েছিল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। সর্বশেষ সপ্তাহেও এ ধারাবাহিকতা অক্ষুণ্ন ছিল। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম ২ শতাংশের বেশি বেড়েছে। খবর সিনহুয়া ও মার্কেটওয়াচ।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সর্বশেষ সপ্তাহে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম দাঁড়িয়েছে ৫৩ ডলার ৩৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি। একইভাবে  এপ্রিলে সরবরাহ চুক্তিতে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্রেন্ট ক্রুডের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৮ ডলার ৫০ সেন্টে।

তবে পর পর দুই সপ্তাহ ধরে চাঙ্গা ভাব বজায় থাকলেও বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৮ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। এক বছরের ব্যবধানে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১১ দশমিক ৫৮ শতাংশ কম দামে।

গত সপ্তাহে মার্কিন প্রশাসন রুশ জ্বালানি জায়ান্ট রোজনেফত ও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনিজুয়েলার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত রাখায় রোজনেফত ও এর প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অপরিশোধিত জ্বালানি তেলের সাপ্তাহিক গড় মূল্যবৃদ্ধির পেছনে এ ঘটনা প্রভাবক হিসেবে কাজ করেছে।