পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে ‘ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের’ ১০০ কোটি টাকার ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। গতকাল অনুষ্ঠিত সিএমএসএফের একটি জরুরি বোর্ড অব গভর্নর সভায় এ ঋণ তহবিল বিতরণ অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা ও বিএসইসি নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাংকের মাধ্যমে এ ঋণ নিতে পারবে। ২০২১ সালে সিএমএসএফ প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগকারীবান্ধব বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে পরামর্শক্রমে সিএমএসএফ বিধিমালা ২০২১-এর ধারা ৫ (১৫) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিএমএসএফ বোর্ড অব গভর্নরস মনে করে, ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভূমিকা রাখবে। পাশাপাশি উদ্যোগটি একটি স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।









