বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ ওয়ান ও স্বল্পমেয়াদে এসটি-টু। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণ ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।