স্টক এক্সচেঞ্জ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে একটি অনুষ্ঠানে শেয়ার বরাদ্দ দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপমহাব্যবস্থাপক হাসনাইন বারী, সিকদার ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসকে আব্দুর রউফ, সিএফও মো. মাইন উদ্দিন, কোম্পানি সচিব আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ডিএসইর এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন। কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, প্রতি শেয়ারের বিপরীতে যা ১৭ দশমিক শূন্য ৬ গুণ বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ৪২টি শেয়ার ও অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ১০৫টি শেয়ার বরাদ্দ পান। —বিজ্ঞপ্তি