ক্লাউড, ডিজিটাল, অ্যানালিটিকস, সাইবার ও অন্যান্য প্রযুক্তিগত পদে কর্মী নেয়া নিয়োগের পরিকল্পনা করছে পিডব্লিউসি ইন্ডিয়া। তিন-চার বছরে এ পদগুলোয় মোট ১০ হাজার কর্মী নিয়োগ দেবে পেশাদার পরিষেবা নেটওয়ার্কটি। খবর দ্য হিন্দু।
পিডব্লিউসি জানিয়েছে, ইন্ডিয়া ইনকরপোরেশনের প্রবৃদ্ধির পরিকল্পনা অনুসারে প্রতিষ্ঠানটি অব্যাহতভাবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন প্রধান প্রধান ক্ষেত্রে ১০ হাজার লোক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। তিন-চার বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন করা হবে।
সামগ্রিক ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ অব্যাহত রাখতে সব ধরনের প্রচেষ্টা রয়েছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে পিডব্লিউসির চেয়ারম্যান সঞ্জীব কৃষাণ বলেন, গত দেড় শতাব্দী শুধু বিজয় ও অর্জনের ছিল না, একই সঙ্গে এটি ছিল শেখারও। আমরা এ শিক্ষাগুলো আরো শক্তিশালী, লক্ষ্যের প্রতি আরো অটুট এবং আমাদের সমস্যা সমাধান করতে প্রয়োগ করছি। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও স্বচ্ছতার একটি সংস্কৃতি গড়ে তুলতে চেষ্টা করছি আমরা।
২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ আয় বেড়েছে প্রতিষ্ঠানটির। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি প্রযুক্তি, ব্যবস্থাপনা, ঝুঁকি ও চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
পিডব্লিউসি আরো জানিয়েছে, বৃহত্তর ক্ষেত্রে দেশীয় বাজারের ওপরেই মনোযোগ বেশি প্রতিষ্ঠানের। সাম্প্রতিক সময়ে ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণের কথা ভাবছে পিডব্লিউসি ইন্ডিয়া। এ বছরই তিনটি নতুন অফিস খুলেছে প্রতিষ্ঠানটি। ভোক্তাদের সঙ্গে যোগাযোগ আরো তত্পর করতে এবং পরিষেবা মান আরো বাড়াতে এ উদ্যোগ নিয়েছে পিডব্লিউসি ইন্ডিয়া। পাশাপাশি দেশের মেধাবী কর্মীদের সঙ্গে কাজ করতেও উৎসাহী প্রতিষ্ঠানটি। ইতিহাসে বিভিন্ন পরিবর্তন আনতে পেরে পিডব্লিউসি ইন্ডিয়া সৌভাগ্যবান বলে জানিয়েছেন সঞ্জীব কৃষাণ।
এর জের ধরেই কর্মী নিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানান, নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন-চার বছরের মধ্যে মোট ১০ হাজার কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে কর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, মোট ১৫৫টি দেশে পিডব্লিউসির নেটওয়ার্ক রয়েছে। বিশ্বে প্রায় ৩ লাখ ২৭ হাজার কর্মী কাজ করছে। যদিও পিডব্লিউসি কোনো বৈশ্বিক অংশীদারি কিংবা একক প্রতিষ্ঠান অথবা বহুজাতিক সংস্থা নয়, বরং এটি বিশ্বজুড়ে একটি নেটওয়ার্ক ব্যবস্থার অনুরূপ। ভারতে পিডব্লিউসির সদর দপ্তর পশ্চিমবঙ্গের সেক্টর ফাইভে অবস্থিত। সম্প্রতি ১৫০ বছর পূর্ণ হয়েছে পিডব্লিউসি ইন্ডিয়ার।









