বিশ্বের শীর্ষ আকরিক লোহা ও নিকেল উত্তোলনকারী ব্রাজিলের কোম্পানি ভ্যালে। বাঁধ দুর্ঘটনা ও প্রতিকূল আবহাওয়ার জেরে ২০১৯ সালে কোম্পানিটির আকরিক লোহা উত্তোলন ২০ শতাংশের বেশি কমেছে। সম্প্রতি ভ্যালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর কিটকো নিউজ।

ভ্যালের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে কোম্পানিটি সব মিলিয়ে ৩০ কোটি ২০ লাখ টন আয়রন ওর ফাইন উত্তোলন করেছে, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে আয়রন ওর প্লেট উত্তোলন করেছে ৪ কোটি ১৮ লাখ টন, আগের বছরের তুলনায় যা ২৪ দশমিক ৪ শতাংশ কম।

গত বছরের জানুয়ারির শেষ দিকে ব্রাজিলের দক্ষিণ-পূর্বে মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুরুমাদিনহো এলাকায় ভ্যালের একটি বাঁধ ধসে পড়ে। এ দুর্ঘটনায় কোম্পানিটির ২৫০ শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় খনিজ উত্তোলনসহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয় কোম্পানিটি, যা বিদায়ী বছরে ভ্যালের আকরিক লোহা উত্তোলন মারাত্মকভাবে ব্যাহত করে।