চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাশিয়া থেকে ভারতের ইস্পাত আমদানি আট বছরের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদক। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটি রাশিয়া থেকে ২ লাখ ৮১ হাজার টন ইস্পাত আমদানি করেছে। এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা পাঁচ গুণ বেশি।
ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। ফলে ইস্পাতের বাণিজ্যিক রুটে বড় পরিবর্তন এনেছে দেশটি। বর্তমানে ইউরোপের বদলে এশিয়ার দেশগুলোয় বাণিজ্য সম্প্রসারণ করছে রাশিয়া। মূলত এ কারণেই ভারতে ইস্পাত রফতানি বেড়েছে।
বাজারে এমন রদবদলের কারণে বিপাকে পড়েছে প্রথাগত অনেক সরবরাহকারী ও ইস্পাত উৎপাদক দেশ। রাশিয়া স্বল্প দামে এশিয়ায় ইস্পাত সরবরাহ করায় সেখানকার বাজারে হিস্যা হারাচ্ছে দেশটি।
এপ্রিল-জানুয়ারি নাগাদ ভারতের পঞ্চম শীর্ষ ইস্পাত সরবরাহকারী হয়ে উঠেছে রাশিয়া। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরের পর প্রথমবারের মতো পাঁচ শীর্ষ রফতানিকারক দেশের একটিতে পরিণত হয়েছে দেশটি।
এপ্রিল-জানুয়ারি পর্যন্ত ১০ মাসে ভারতে রফতানীকৃত ইস্পাতের মধ্যে ৭২ শতাংশই ছিল হট রোলড কয়েল (এইচআরসি) ও স্ট্রিপস। ভারতে হট রোলড কয়েল রফতানির ক্ষেত্রে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে রাশিয়া।
রাশিয়ার ব্যবসায়ীরা ভারতের কিছু ক্রেতার কাছে প্রায় ৪৬ হাজার রুপিতে হট রোলড কয়েল বিক্রি করছেন, যা ভারতের স্থানীয় বাজারের চেয়ে অন্তত ২১ শতাংশ কম। এদিকে রাশিয়া থেকে এত সস্তায় ইস্পাত আমদানির কারণে উদ্বেগ জানিয়েছে ভারতের অনেক ইস্পাত কোম্পানি।
জেএসডব্লিউ স্টিল লিমিটেডের ডিএমডি জয়ন্ত আচার্য বলেন, ‘সস্তায় ইস্পাত আমদানি বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।’
বৈশ্বিক চাহিদায় শ্লথগতির কারণে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ভারতের পরিশোধিত ইস্পাত রফতানি ব্যাপক কমেছে। এর পরও নিট রফতানিকারক দেশের তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে ভারত।
এদিকে রাশিয়া ভারতের কাছ থেকে অব্যাহত স্টেইনলেস ইস্পাত কিনছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী মাসগুলোয় ক্রয়ের পরিমাণ বাড়বে।









