ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত পক্ষের লেনদেন বিষয়ে শেয়ারহোল্ডারদের কাছে অনুমোদন নেবে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুতে ইজিএম অনুষ্ঠিত হবে। একই দিন কোম্পানি দুটি বার্ষিক সাধারণ সভাও (এজিএম) আহ্বান করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ওরিয়ন ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির ইজিএম ২৬ ডিসেম্বর বেলা ৩টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য সম্পর্কিত পক্ষের লেনদেন বিষয়ে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেবে কোম্পানিটির পর্ষদ। তার আগে বেলা ৩টায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এজিএম করবে কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬২ পয়সা। গত ৩০ জুন শেষে পুনর্মূল্যায়িত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮২ টাকা ৫৩ পয়সা। পুনর্মূল্যায়িত সঞ্চিতি ছাড়া এনএভিপিএস দাঁড়িয়েছে ৮১ টাকা ১৫ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৭৪ টাকা ৬২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন শেষে সঞ্চিতি পুনর্মূল্যায়নসহ সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৬ পয়সায়, পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া যা ৭১ টাকা ৭৯ পয়সা। 

ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির ইজিএম একই দিন বিকাল সাড়ে ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি পর্ষদ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে এ সভা আহ্বান করেছে। কোম্পানিটর ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) এবং ঋণ পরিশোধে রাইট শেয়ার ইস্যুর অর্থ কাজে লাগানো হবে। তথ্য অনুসারে, ওরিয়ন ইনফিউশনের পর্ষদ ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা। এ বিষয়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নেবে। 

ইজিএমের আগে বিকাল ৪টায় এজিএম করবে কোম্পানিটি। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ঘোষিত নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সায়। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ১০ পয়সা।