যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে গম
রফতানিতে চাঙ্গা ভাব দেখা গেছে। এ পরিস্থিতি সর্বশেষ সপ্তাহে দেশটির শিকাগো বোর্ড
অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যটির গড় দাম ১ দশমিক ৫০ শতাংশের বেশি বাড়িয়েছে। তবে গমের বাড়লেও এ সময়
ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমে এসেছে। খবর সিনহুয়া।
সিবিওটি প্রাইস ইনডেক্স অুনযায়ী, সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম বেড়েছে বুশেলপ্রতি (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ৮ দশমিক ২৫
সেন্ট। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ৫১
সেন্টে,
যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫২ শতাংশ বেশি।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে ৫ লাখ ৯৫ হাজার ৩০০ টন
গম রফতানি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায়
১৮ শতাংশ বেশি। বাড়তি রফতানির জের ধরে কৃষিপণ্যটির সাপ্তাহিক বাজারও চাঙ্গা ছিল।
এদিকে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে ভুট্টার গড় দাম
কমেছে দশমিক ২ শতাংশ। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম
দাঁড়িয়েছে ৩ ডলার ৭৭ সেন্টে, যা আগের
সপ্তাহের তুলনায় দশমিক ৭৫ সেন্ট কম।
সয়াবিনের গড় দাম কমেছে বুশেলে ৩ দশমিক ২৫ সেন্ট।
এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৯
সেন্টে,
যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৩৬ শতাংশ কম। রফতানিতে মন্দা বজায় থাকায় এ সময়
ভুট্টা ও সয়াবিনের সাপ্তাহিক গড় দাম কমতির দিকে ছিল।









