রাশিয়ায় ট্রাক উৎপাদনের পরিকল্পনা বাতিল করেছে হিনো মোটরস। দেশটিতে নির্মাণাধীন কারখানাটির কাজ সম্পন্ন হলে সেটি বিক্রি করে দেয়া হবে বলে জানিয়েছেন জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা। খবর মাইনিচি।

হিনো মোটরের মালিকানা প্রতিষ্ঠান টয়োটা জানায়, প্রতিষ্ঠানের বিদেশী কার্যক্রম ও ব্যবসায়িক পরিবেশ পুনরায় পরীক্ষা-নিরীক্ষার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত ইউক্রেনে রুশ আগ্রাসনের বা সাম্প্রতিক কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত নয়।

গাড়ির নিঃসরণ ও জ্বালানি দক্ষতার তথ্য নিয়ে কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ায় দেশীয় বাজারে বেশির ভাগ ট্রাকের চালান স্থগিত করে হিনো মোটরস। এ কারণে প্রতিষ্ঠানটি সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়।

২০২০ সালের মাঝামাঝিতে মস্কোর ওব্লাস্টের খিমকিতে একটি কারখানায় হিনো মোটরসের গাড়ি উৎপাদন শুরুর কথা থাকলেও সেটি বিলম্ব হয়। কারখানাটিতে ২০০ কোটি ইয়েন (১ কোটি ৪৩ লাখ ডলার) ব্যয় করার পরিকল্পনা রয়েছে।  হিনো মোটরস জাপান থেকে রাশিয়ায় গাড়ি রফতানি করে। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের কারণে গাড়ির চালান স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।