দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৪ ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তাদের এ বিজয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ কে আজাদ, এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইন্সুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচএম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক সাকিব আল হাসান।
তাদের এ বিজয়ে ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পরিচালনা পর্ষদের পক্ষে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনবার্তায় তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডারসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিরা। উপদেষ্টা, মন্ত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও পুঁজিবাজারবিষয়ক শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ তাদের রয়েছে বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।’
ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তারা আগামী দিনগুলোয় পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুঁজিবাজারবান্ধব ব্যক্তিত্ব। পুঁজিবাজারে হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তার এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’
ড. হাসান বাবু আরো বলেন, ‘বিগত ১৫ বছরে অবকাঠামোগতভাবে দেশে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এরই মধ্যে এসব অবকাঠামোকে ঘিরে সারা দেশের উদ্যোক্তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। দেশের পুঁজিবাজার হতে পারে এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের অন্যতম মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অন্যতম প্রধান স্তম্ভ হলো স্মার্ট ইকোনমি। আর স্মার্ট ইকোনমির জন্য প্রয়োজন স্মার্ট পুঁজিবাজার।’
উল্লেখ্য, ৭ জানুয়ারি সারা দেশে একযোগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের দেয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।








