বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিরা। সম্প্রতি সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। বিএসইসি চেয়ারম্যান ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ নবগঠিত পর্ষদের সদস্যদের অভিনন্দন জানান। এ সময় বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন এবং শিগগিরই পরিস্থিতির উন্নতি হয়ে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে ডিবিএ প্রেসিডেন্ট স্টক ব্রোকারদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানে বিএসইসির সহযোগিতা কামনা করেন। বিএসইসি চেয়ারম্যান ব্রোকারদের সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। বৈঠকে অন্যদের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, পরিচালক শরীফ আতাউর রহমান, দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, দিল আফরোজা কামাল, মামুন আকবর, মোহাম্মদ আহসান উল্লাহ, সুমন দাস, মো. শাহেদ ইমরান, আরওয়াই শমসের ও মো. রাফিউজ্জামান বোখারী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি