যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য জ্বালানি সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র তৈরিতে বিপুল বিনিয়োগ করছে ডাইকিন ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে মেক্সিকোয় ২৩ কোটি ডলার বিনিয়োগে একটি কারখানা স্থাপন করা হচ্ছে। ২০২৪ সাল থেকে জাপানি এসি নির্মাতা প্রতিষ্ঠানটির এ কারখানা উৎপাদনে যাবে।
নিক্কেই এশিয়ার খবর অনুসারে, কারখানাটি চালু হলে হলে অন্তত দুই হাজার কর্মীর কাজের সুযোগ সৃষ্টি হবে। এরই মধ্যে মেক্সিকোয় জায়গা নির্বাচনের কাজ শেষ হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেক্সিকোর উত্তর বা মধ্যাঞ্চলের শিল্প এলাকায় এ কারখানা স্থাপন করা হবে।
এ কারখানার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ লাখ। উত্তর আমেরিকায় শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র সরবরাহ ৩০ শতাংশ বাড়াতে চায় ডাইকিন। সে লক্ষ্য পূরণেই কাজ চলছে।
প্যারিস চুক্তির আওতায় জ্বালানি সাশ্রয়ী পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বিদ্যুৎ ব্যবহারের ওপর কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বলা হচ্ছে, এখন পর্যন্ত এ খাতেই যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে রয়েছে। মূলত এরই অংশ হিসেবে জ্বালানি সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের যে চাহিদা তৈরি হয়েছে তা পূরণ করতে নিজেদের সক্ষমতা বাড়াতে চায় ডাইকিন।
যুক্তরাষ্ট্রের আধুনিক ভবনগুলোয় এখন সবচেয়ে জনপ্রিয় হলো সমন্বিত শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা। অর্থাৎ পুরো ভবনের তাপমাত্রা একটি নির্দিষ্ট স্থান থেকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু এ পদ্ধতির সমস্যা হলো, যখন গোটা ভবনে কেউ থাকে না, তখনও যন্ত্রগুলো চলতে থাকে। যার কারণে প্রচুর পরিমাণে বিদ্যুতের অপচয় হয়। বিশ্লেষকরা বলছেন, এ ব্যবস্থা পরিবেশের জন্য ভালো নয়। বিশেষ করে ভবিষ্যতের পরিবেশ বাঁচাতে যেসব লক্ষ্যমাত্রা নেয়া হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মেক্সিকোর প্রায় ৭০ হাজার বর্গমিটার আয়তনের কারখানায় ডাইকিন যুক্তরাজ্যের বাজারের জন্য মূলত দুই ধরনের পণ্য তৈরি করবে। একটি হলো সমন্বিত শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা যেটিতে ইনভার্টার ব্যবস্থা যুক্ত থাকবে। যার মাধ্যমে যন্ত্রের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এ পদ্ধতির মাধ্যমে কার্বন নিঃসরণের পরিমাণ প্রথাগত মডেলগুলোর চেয়ে ২০-৩০ শতাংশ কমানো যাবে।
যুক্তরাষ্ট্রের আবাসিক গ্রাহকরা মাত্র ১০ শতাংশ ইনভার্টার এসি ব্যবহার করেন। মেক্সিকোর নতুন এ কারখানাসহ ডাইকিনের পুরনো কারখানা মিলে ২০২৬ সালের শেষ নাগাদ আবাসিক গ্রাহকদের কাছে পাঁচ লাখ শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বিক্রির পরিকল্পনা করা হয়েছে, যা বর্তমান অর্থবছরের প্রায় ছয় গুণ।
কেবল শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রই নয়, জ্বালানি সাশ্রয়ী হিটিং মেশিন প্রস্তুতের জন্য পোল্যান্ডে নতুন কারখানা চালুর পরিকল্পনাও করেছে ডাইকিন। প্রায় ২৯ কোটি ডলার ব্যয়ে এ কারখানা তৈরি করা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।









