বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেড বিদ্যমান ‘এ ক্যাটাগরি’ থেকে ‘বি ক্যাটাগরি’তে অবনমন হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় ক্যাটাগরির অবনমন হয়। আগামীকাল থেকে এটি কার্যকর হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এমএল ডায়িংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৩৪ পয়সায়।
এর আগে সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এমএল ডায়িং। তার আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরেও একই হারে লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৬২ পয়সা, তার আগের হিসাব বছরে ৯১ পয়সা।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ২৩২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২০ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৯০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৫৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দর ২৪ টাকা ৮০ পয়সায় স্থির ছিল।









