ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছেছে প্রথম ত্রাণবাহী জাহাজ। ওপেন আর্মস নামক জাহাজটি ২০০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গতকাল শুক্রবার (১৫ মার্চ) থেকে ওই এলাকার সমুদ্রে অবস্থান করছে। তিনদিন আগে গ্রিক শাসিত সাইপ্রাস থেকে যাত্রা করেছিল এ নৌযান। খবর বিবিসি।
গণমাধ্যমটি জানিয়েছে, স্প্যানিশ দাতব্য
সংস্থা ওপেন আর্মস জাহাজটি পরিচালনা করছে। এতে রয়েছে ২০০ টন খাদ্য ও চিকিৎসা সমগ্রী।
গাজার অধিবাসীরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে
জাতিসংঘের এমন সতর্ক বাণীর পর সম্প্রতি সেখানে সমুদ্রে পথে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা
দেয় ইউরোপীয় ইউনিয়ন। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর এটি গাজায় যাওয়া প্রথম
ত্রাণবাহী জাহাজ।
দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন
(ডব্লিউসিকে) এসব ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে। সংযুক্ত আরব আমিরাত সরবরাহ করেছে চাল,
আটা, লেবু ও টিনজাত শাকসবজিসহ অন্যান্য খাবার।
গাজায় কোনো স্থায়ী বন্দর না থাকায় একটি অস্থায়ী জেটি থেকে এসব ত্রাণ বিতরণের জন্য নেয়া হবে। জাহাজটি এখনো তীরে নোঙর না করায় কীভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রথম দফার এ সহায়তা কার্যক্রম সফল হলে আরো কয়েকটি ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দাতব্য সংস্থাটির এক কর্মকর্তা।










