ইয়েমেনের সাদা প্রদেশে হুথি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ বিমান হামলা চালিয়েছে। এ দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠীটি। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাকিম জেলার আল-কুতাইনাত এলাকায় এ হামলা চালানো হয়েছে জানায় হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি। খবর আনাদোলু এজেন্সি।

সৌদি আরবের সীমান্তবর্তী সাদা অঞ্চলে হুথিদের শক্তিশালী ঘাঁটি রয়েছে বলে জানা গেছে। তবে হামলার বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওই টিভি চ্যানেল। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের কেউই হামলার কথা স্বীকার করেনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হামাসের সমর্থনে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বা মালিকানা সম্পর্ক রয়েছে এমন জাহাজই হামলার শিকার হচ্ছে। এরপর বছরের শেষ দিকে হুথিদের ঠেকাতে একমত হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের দাবি হুথিরা মার্কিন ও ব্রিটিশ পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে।

গত ১২ জানুয়ারি থেকে ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে লাগাতার বিমান হামলা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।