আগামী মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান সংবাদ সংস্থা টাস। প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনসহ চারজন প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই ইউক্রেন-মস্কো যুদ্ধকে সমর্থন করেন। অন্যদিকে বাতিল করা হয়েছে একমাত্র যুদ্ধবিরোধী প্রার্থী বরিস নাদেজদিনের প্রার্থিতা।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থী হিসেবে না থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পুতিন। আগামী মাসের ভোটে তিনি সহজেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সেক্ষেত্রে তিনি আঠারো শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।

অন্য তিন প্রার্থী হলেন রাশিয়ান ডুমার ডেপুটি চেয়ার ও নিউ পিপল ককাসের সদস্য ভ্লাদিস্লাভ দাভানকভ, ক্রেমলিন-অনুগত অতি-জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) নেতা লিওনিড স্লুটস্কি এবং কমিউনিস্ট পার্টি মনোনীত নিকোলাই খারিটোনভ।

অন্যদিকে এ তালিকা থেকে বাদ পড়েছেন যুদ্ধবিরোধী প্রার্থী বরিস নাদেজদিন। তিনি রুশ-ইউক্রেন যুদ্ধের বিরোধী ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) স্বাক্ষর সংগ্রহের ত্রুটির কারণে রাশিয়ান যুদ্ধবিরোধী প্রার্থী বরিস নাদেজদিনের প্রার্থিতা বাতিল করেছিল।

নাদেজদিন ১৫ শতাংশের বেশি মানুষের সই নিয়ে নির্বাচনে তার প্রার্থিতার আবেদন জমা দেন। তবে নির্বাচন কর্তৃপক্ষ এ আবেদন ত্রুটিপূর্ণ দাবি করে তা বাতিল করেছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, নাদেজদিন যে ১ লাখ ৫ হাজার জনের সই জমা দিয়েছেন তাদের নয় হাজারও বেশি নিষ্ক্রিয়। নানা রকম নিয়ম লঙ্ঘনের কথা উল্লেখ করেছে কমিশন। তাতে ৯৫ হাজার ৫৮৭ জনের নাম বাদ পড়েছে। ফলে নাদেজদিনের প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করাতে প্রয়োজনীয় এক লাখ সইয়ের চেয়ে কিছু সই কম পড়েছে বলে জানান কমিশনের সদস্য আন্দ্রেই সুতোভ।

প্রার্থিতা বাতিল করার পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নাদেজদিন বলেছিলেন, রাশিয়ার সুপ্রিম কোর্টে সিইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন তিনি।

যদিও নাদেজদিনের প্রার্থিতা বাতিল করার ব্যাপারটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, ক্ষমতাসীন পুতিনের সামনে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব একটা শক্তিশালী ছিলেন না বলেই মনে করেন বিশ্লেষকরা।