মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার কথা বলেছেন। বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন তিনি। খবর এএফপির।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ‘ফ্রিডম জোন’ তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজার জন্য আমার পরিকল্পনা আছে। যেগুলো আমি মনে করি ভালো। চলুন গাজাকে একটি ফ্রিডম জোন হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব, যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে। ভালো কিছু হতে দিন। মানুষকে এমন বাড়িতে রাখুন, যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি। তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে।

ট্রাম্প ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের হামলা নিয়েও মন্তব্য করেন। তার দাবি, এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল। আমি মনে করি শুধু এই অঞ্চলে নয়, এটি ছিল (পুরো বিশ্বে) সবচেয়ে নৃশংস হামলা, যা আগে কেউ কখনো দেখেনি।

হামাসকে মোকাবিলা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখুন, বিশ্বের ইতিহাসে ৭ অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন।

এদিকে গাজায় বুধবার মধ্যরাতে ১২টি ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই দক্ষিণের শহর খান ইউনিসের।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে খান ইউনিস থেকে ৫৬ জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে চার জন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।

পাশাপাশি উপত্যকার উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েরল। এরই মধ্যে আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ‘তীব্র হামলা’ শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে। বিশেষ করে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল।

তবে স্থানীয় কর্তৃপক্ষ ও সাহায্য সংস্থাগুলো বলছে, সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে।