রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি (৪৭) কারাগারে মারা গিয়েছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন। গার্ডিয়ানের খবরে বলা হয়, আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে এই নেতার।
রুশ সংবাদমাধ্যমের বরাতে বিভিন্ন খবরে বলা হয়েছে, কারাগারে চলাচল করার পর নাভালনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে চিকিৎসার আওতায় আনা হলেও আর তার জ্ঞান ফেরেনি। নাভালনির মৃত্যু নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার মৃত্যু কীভাবে হয়েছে তা চিকিৎসকরা খতিয়ে দেখবেন।
অ্যালেক্সি নাভালনি সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।
২০২১ সালে গ্রেফতারের পর থেকেই কারাবন্দি নাভালনি। উগ্রপন্থীদের উসকানি দেয়া এবং এবং একটি উগ্র সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে গত বছর তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়। অবশ্য নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন এই রুশ নেতা।
এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।










