ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ ও অধ্যাপক ড. এস. পল কাপুর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন। তিনি এই দায়িত্বে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
নয়াদিল্লিতে ভারতীয় বাবা এবং আমেরিকান মায়ের কোলে জন্ম নেওয়া পল কাপুর একজন স্বনামধন্য আমেরিকান শিক্ষাবিদ এবং বর্তমানে ইউএস নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক। তিনি হুভার ইনস্টিটিউশনেও ভিজিটিং স্কলার হিসেবে যুক্ত আছেন। কাপুর অ্যামহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
২০১৬ সালে প্রকাশিত তার বই ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি’-তে পাকিস্তানের সন্ত্রাসবাদ-নির্ভর কৌশলের তীব্র সমালোচনা করেন তিনি। কাপুরের মতে, ‘১৯৪৭ সাল থেকে পাকিস্তান নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে ইসলামপন্থী জঙ্গিদের ব্যবহার করে আসছে, যা দেশটির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।’
পল কাপুরের লেখা উল্লেখযোগ্য অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—ডেঞ্জারাস ডেটারেন্ট: নিউক্লিয়ার উইপনস প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া; ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি, অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট; ইন্ডিয়া, পাকিস্তান, অ্যান্ড দ্য বোম: ডিবেটিং নিউক্লিয়ার স্ট্যাবিলিটি ইন সাউথ এশিয়া; দ্য চ্যালেঞ্জেস অব নিউক্লিয়ার সিকিউরিটি: ইউএস অ্যান্ড ইন্ডিয়ান পার্সপেক্টিভস।
পল কাপুরের শিক্ষাদান ও গবেষণার মূল বিষয়গুলো হচ্ছে— নিউক্লিয়ার ডেটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ, ইসলামপন্থী জঙ্গিবাদ এবং দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামো। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা নীতি সংক্রান্ত আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। সরকারি ও বেসরকারি চ্যানেলের কূটনীতিকে সংযুক্তকারী 'ট্র্যাক ১.৫' আলোচনাতেও তার নিয়মিত অংশগ্রহণ রয়েছে।
মনোনয়ন শুনানিতে পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে প্রধান হলো— চীনের আধিপত্যমুক্ত একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। সে সঙ্গে, দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি আদান-প্রদান এবং জ্বালানি সুবিধা নিশ্চিত করে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানো।
তিনি আরো বলেন, ‘নিয়োগ পেলে আমি যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং আমাদের অংশীদারত্বকে বিশাল সম্ভাবনার পথে নিয়ে যেতে কাজ করব।’















