ছত্তিশগড় যাওয়ার জন্য উড়োজাহাজে উঠেছিলেন ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরা। তবে পুলিশ সেখান থেকে নামিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে  যায় স্থানীয় থানায়। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। অবশ্য এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন এ কংগ্রেস নেতা। 

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টাইমস। খবরে বলা হয়েছে, সম্প্রতি গৌতম আদানি প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন পবন খেরা। তবে সমালোচনার ভাষা নিয়ে আপত্তি তুলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে ক্ষমতাসীন বিজেপি। 

গ্রেফতারের পর পবনের পক্ষে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল তার দল কংগ্রেস। আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। অবশ্য আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে পুলিশকে তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় ভারতীয় প্রধানমন্ত্রী এবং তার বাবাকে অপমান করার অভিযোগ ওঠে পবন খেরার বিরুদ্ধে। তিনি মোদির নাম বলতে গিয়ে বলেন ‘‌নরেন্দ্র গৌতমদাস মোদী’। অবশ্য সঙ্গে সঙ্গ ভুল সংশোধন করে তিনি বলেন, ‘দুঃখিত, ‘‌নরেন্দ্র দামোদরদাস মোদী’।

তবে বিজেপি মন্তব্যটি ভালোভাবে তো নেয়ইনি, উল্টো এ ঘটনায় এফআইআর দায়ের করে দিয়েছে তার বিরুদ্ধে। তাদের অভিযোগ, ইচ্ছা করেই মোদির পারিবারিক নামের স্থলে গৌতম আদানির নাম বলেছেন পবন।