ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। খবর আল জাজিরার।
এতে বলা হয়েছে, ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র টিইএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টারে হামলা হয়েছে। এর মধ্যে তেহরান রিসার্চ সেন্টারে সেন্ট্রিফিউজ রোটর উৎপাদন ও পরীক্ষা করা হতো। আর কারাজের ওয়ার্কশপের দুটি ভবন গুড়িয়ে দেয়া হয়েছে যেখানে সেন্ট্রিফিউজের সরঞ্জাম তৈরি করা হতো। দুটি কেন্দ্রই এক সময় আইএইএর নজরদারির আওতায় ছিল।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র।
এদিকে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, গত পাঁচ দিনে ইরানে ১ হাজার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে গত শুক্রবার দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে পাল্টা হামলা করে ইরান। এরপর থেকে তেল আবিব ও তেহরান একে অপরের দিকে হামলা অব্যাহত রেখেছে। উভয় পক্ষই তাদের হামলা ও লক্ষ্যবস্তুতে আঘাতের তথ্য দিচ্ছে এবং একই সঙ্গে উভয় পক্ষই সীমিত ক্ষতির কথা বলছে।















