ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর বিবিসি বাংলা।
পোস্টে গিডিওন সার লেখেন, সম্প্রতি ইসরাইল সফরকালে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিৎ এখনই রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা। তার মতে, জার্মানি দীর্ঘদিন ধরেই এ অবস্থানে রয়েছে এবং বিষয়টির গুরুত্ব বর্তমানে আরো স্পষ্ট হয়ে ওঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশ ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।
ইরানের রেভ্যুলেশনারি গার্ড দেশটির প্রভাবশালী সশস্ত্র বাহিনী, যার সঙ্গে সর্বোচ্চ নেতার সরাসরি সম্পর্ক রয়েছে। এ বাহিনীর মূল দায়িত্ব হলো ইরানের সাংস্কৃতিক বিপ্লবের আদর্শ সংরক্ষণ এবং ইসলামি রাষ্ট্রব্যবস্থা রক্ষা করা।
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরপরই রেভ্যুলেশনারি গার্ড গঠন করা হয়। পরবর্তী সময়ে এটি ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমণ্ডলে একটি শক্তিশালী প্রভাবক হিসেবে আত্মপ্রকাশ করে। বাহিনীটির নিজস্ব স্থল, নৌ ও বিমান শাখা রয়েছে।










