দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণে গুরুত্ব দেয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার এবং যৌথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অভিন্ন কৌশল গড়ে তোলাই মহড়ার লক্ষ্য।

মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এ মহড়া। এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের সহযোগিতা গভীর হওয়ার পাশাপাশি একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ার অভিন্ন অঙ্গীকার আরো সুদৃঢ় হবে।