দেশের অভ্যন্তরে হোস্ট করা ক্লাউড অবকাঠামো ও সংশ্লিষ্ট সেবা নিতে পিকো পাবলিক ক্লাউডের সঙ্গে মাস্টার সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট (এমএসএ) সই করেছে গ্রামীণ ব্যাংক। আজ সোমবার এ চুক্তি সই হয়।

চুক্তিতে পিকো পাবলিক ক্লাউডের পক্ষে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) শরফুল আলম এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদ সই করেন। চুক্তির আওতায় বাংলাদেশে অবস্থিত অবকাঠামো থেকে গ্রামীণ ব্যাংককে ক্লাউড সেবা দেবে পিকো।

গ্রামীণ ব্যাংক ১৯৭০-এর দশকে ক্ষুদ্রঋণ কার্যক্রম হিসেবে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অনুসৃত হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাংকটির ভূমিকা উল্লেখযোগ্য। ডিজিটাল মাধ্যমে গ্রাহকসেবা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য, নিরাপদ ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তি অবকাঠামোর প্রয়োজনীয়তাও বাড়ছে প্রতিষ্ঠানটির।

পিকো পাবলিক ক্লাউড বাংলাদেশের একটি ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ফাইবার অ্যাট হোম গ্রুপের আওতাধীন প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে স্থাপিত অবকাঠামো থেকে ক্লাউড সেবা দেয়। এসব সেবার মূল্য পরিশোধ করতে হয় বাংলাদেশী মুদ্রায়। আর্থিক প্রতিষ্ঠানসহ নিয়ন্ত্রিত খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের ভেতরে তথ্য সংরক্ষণ ও প্রযুক্তি অবকাঠামো পরিচালনার প্রবণতা বাড়ছে। এর পেছনে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, তথ্য সুরক্ষা, দ্রুত সেবা নিশ্চিত করা এবং বিদেশী সেবা প্রদানকারীদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার ব্যয় ও বিনিময় হারজনিত ঝুঁকি এড়ানোর বিষয়গুলো কাজ করছে।

চুক্তি প্রসঙ্গে পিকো পাবলিক ক্লাউডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসও শরফুল আলম বলেন, গ্রামীণ ব্যাংকের আস্থা প্রমাণ করে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের ভেতরে নির্মিত ও পরিচালিত বিশ্বমানের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভর করতে পারে। গ্রামীণ ব্যাংকের মতো বৃহৎ পরিসরের একটি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমে নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে পিকো প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদ বলেন, ব্যাংকটির আধুনিকায়ন কার্যক্রমে সদস্যদের উন্নত সেবা দিতে শক্তিশালী ও নিরাপদ ডিজিটাল অবকাঠামো অপরিহার্য। স্থানীয় সেবা প্রদানকারী পিকো পাবলিক ক্লাউডের সঙ্গে এ অংশীদারত্ব সেই সক্ষমতা গড়ে তোলার পথে একটি পদক্ষেপ।

প্রতিষ্ঠান দুটি জানায়, দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম ক্লাউড প্ল্যাটফর্মে স্থানান্তর করছে। দেশের অভ্যন্তরে পরিচালিত ক্লাউড সেবা ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ তথ্য দেশের বাইরে না পাঠিয়েই প্রযুক্তিগত আধুনিকায়নের সুযোগ তৈরি হচ্ছে। এ চুক্তির মাধ্যমে স্থানীয় ক্লাউড সেবা খাতের বিকাশেও গ্রামীণ ব্যাংকের অংশগ্রহণ বাড়বে।

-সংবাদ বিজ্ঞপ্তি