বিশ্বখ্যাত বিটুবি ই-কমার্স প্লাটফর্ম আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে কোম্পানিটির ব্যবসায়িক সক্ষমতা ও রফতানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবা ডট কমের অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।
রাজধানীর উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে আনুষ্ঠানিকভাবে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ার ফলে স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক বিটুবি বাণিজ্যের ডিজিটাল প্লাটফর্মে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নতুন বাজারের সন্ধান এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘আলিবাবা ডট কমের মতো আন্তর্জাতিক বিটুবি প্লাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশাবাদী, এই নতুন যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে স্টেপ ফুটওয়্যারের ব্যবসায়িক পরিসর আরো সম্প্রসারিত হবে।’ — সংবাদ বিজ্ঞপ্তি










