ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। আমির আবদোল্লাহিয়ান নিহত হওয়ার পর ইরানের মন্ত্রিসভা আলী বাগেরিকে অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে।

আলী বাগেরি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৭ থেকে ২০১৩ সালে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।