বিচার বিভাগ ও দেশের শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থা এফবিআইয়ের নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের কয়েকজন সহযোগী এ সংক্রান্ত একটি পরিকল্পনা করছেন। এ প্রচেষ্টায় জড়িত নয়জন ব্যক্তি রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এ প্রচেষ্টা সফল হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা ক্ষুণ্ণ হবে। খর্ব হবে বিচার বিভাগের স্বাধীনতাও। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী জানান, পরিকল্পনাটি দুইধাপে সাজানো হয়েছে। প্রথমত হোয়াইট হাউসের বিতর্কিত আদেশে বিচার বিভাগের ‘না’ বলার ক্ষমতা কেড়ে নেয়া। দ্বিতীয়ত বিচার বিভাগ পুনর্গঠন করা, যাতে মূল সিদ্ধান্তগুলো প্রশাসনের অনুগতদের হাতে চলে যায়।

বর্তমানে বিচার বিভাগে কয়েক ডজন ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে তিনি বিচার বিভাগ এবং এফবিআইয়ের ক্ষমতা পুনর্বিন্যাস্যের প্রতিশ্রুতি দিয়েছেন।