ইসরায়েল-ইউক্রেন ও তাইওয়ানের জন্য বহুল প্রতিক্ষিত ৯৫ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলারের বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে কংগ্রেসের উচ্চ কক্ষে এ বিলের অনুমোদন হয়। বর্তমানে বিলটি রিপাবলিকান দল নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। সেখানে বিলটি পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। খবর রয়টার্স।
সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বিল পাসের পরই বলেছেন, এ বিল কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা তাদের মিত্রদের নিরাপত্তাই নয়, বরং পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তায় ব্যাপক প্রভাব রাখে। তিনি বলেন, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান স্পিকার মাইক জনসন বিলটির ওপর ভোট অনুষ্ঠান করলে সেটি দুই দলের সমর্থনেই পাস হবে বলে তিনি আশাবাদী।
গণমাধ্যমটি জানায়, হাউজে ২০২৩ সালের জানুয়ারিতে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর থেকে ইউক্রেনের জন্য বড় কোনো সহায়তা প্যাকেজ পাস হয়নি। কট্টর রিপাবলিকানদের বিরোধিতার কারণে কয়েক মাস ধরে বিলটি ঝুলে ছিল। সিনেটের রিপাবলিকানরাও গত সপ্তাহে বিলটি আটকে দিয়েছিলেন। ইউক্রেনসহ অন্যান্য দেশকে ডলার সাহায্য দেয়ার বদলে এ অর্থ সীমান্ত নিরাপত্তাসহ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খাতে খরচ করা উচিত বলে মত দিয়েছিলেন তারা।
শেষ পর্যন্ত মঙ্গলবার সিনেটে ৭০-২৯ ভোটে সহায়তা প্যাকেজ বিল অনুমোদন পেল। বিলের সমর্থনে বেশির ভাগ ডেমোক্র্যাটের সঙ্গে যোগ দেন ২২ জন রিপাবলিকানও। এখন কংগ্রেসের আরেক কক্ষে বিলটি অনুমোদন পেলে তা রাশিয়ার বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে আসা ইউক্রেনের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে।










