বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে ক্ষমতাসীন এনডিএ জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪০টি আসনের মধ্যে ২০৮ আসনে জয় পেয়েছে বিজেপি-জেডিইউ এর প্রার্থীরা। এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। খবর এনডিটিভি।

আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট মহাগাটবন্ধন পেয়েছে ৩৫ আসন। ভারতের পূর্বাঞ্চলীয় এ রাজ্যটিতে সরকার গড়তে লাগবে ১২২টি আসন। নিশ্চিত জয় জেনে এরইমধ্যে উৎসবে মেতেছে এনডি-এ সমর্থকরা।

স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গত ৬ ও ১১ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে এবারের ভোটে ৬৬ দশমিক ৯১ শতাংশ রেকর্ড অংশগ্রহণ হয়েছে। ১৯৫১ সালের প্রথম নির্বাচনের পর যা সর্বোচ্চ।

এ নির্বাচনের আগে বিতর্কিতভাবে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ এতে বহু প্রকৃত ভোটার বাদ পড়েছেন, যা মোদির জোটকে বিশেষ সুবিধা দিয়েছে। যদিও বিজেপি ও নির্বাচন কমিশন উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রকাশিত একাধিক এক্সিট পোলেই জোটের জয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। বিজেপি জোটের প্রধান অংশীদার হলো জনতা দল (সংযুক্ত) বা জেডি(উ)। বর্তমানে এ দুই দলের জোটই রাজ্য শাসন করছে। আর রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নেতা নীতিশ কুমার। ধারণা করা হচ্ছে এবারও নীতিশ কুমার-ই হতে যাচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী।

বিহারের প্রায় অর্ধেক ভোটারই নারী। নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণই এনডিএ জোটের এমন অভাবনীয় ফলের কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এবার নারীর ভোটারের অংশগ্রহণ ছিল ৭১ দশমিক ৬ শতাংশ, যা ইতিহাসের সর্বোচ্চ। বিশ্লেষকরা মনে করছেন, নীতিশ কুমারের কল্যাণমূলক প্রকল্পগুলো নারীর ভোটে প্রভাব ফেলেছে। যদিও দুই জোটই নারীদের আকৃষ্ট করতে আর্থিক সহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল।