৬ জন পুলিশ সদস্যের মৃত্যু ও দিনভর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তানের জাতীয় নির্বাচন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা (বাংলাদেশ সময় বিকাল ৬টা) পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন নির্বাচনের ভোট গণনা চলছে। খবর ডন ও রয়টার্স।

পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, যথাসময়ে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচনের দিন খাইবার-পাখতুনতোয়া ও বেলুচিস্তানে পৃথক আক্রমণে ৬ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। ৯৩ বছর বয়সী সুঘরা বিবি করাচিতে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ভোট দেন।

গুগল ডুডলে পাকিস্তানের সাধারণ নির্বাচনকে তুলে ধরা হয়। সার্চ ইঞ্জিনটির হোমপেজে পাকিস্তানের পতাকা সম্বলিত ব্যালট পেপারের ছবি উপস্থাপন করা হয়।