ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। আজ শনিবার (২১ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র আবিচাই আদরায়ি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
পোস্টে আবিচাই আদরায়ি বলেছেন, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ শহর ও মহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই অঞ্চলে আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় আছে।
ইরানে গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির অন্তত ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।















