ফিলিস্তিনের গাজায় গত একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৮৭ ফিলিস্তিনির। এতে অঞ্চলটিতে গত চার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৬৩ জনে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েল।

তুর্কি গণমাধ্যাম আনাদোলুর এক খবরে বলা হয়েছে একই সময়ে পুরো গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৯১ জনে। মন্ত্রণালয়টি জানিয়েছে শেষ একদিনে আইডিএফের হামলায় আহত হয়েছেন ১৪৫ জন।

আনাদোলু বলছে, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এ অঞ্চলে প্রবেশ করছে।