বিদ্রোহীদের তোপে বিপাকে মিয়ানমারে জান্তাবাহিনী। মূলত পিপলস ডিফেন্স ফোর্স ও সশস্ত্র গোষ্ঠীগুলো দেশজুড়ে হামলা চালাচ্ছে। এতে গেল তিনদিনে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। একই সঙ্গে বিদ্রোহীরা একের পর এক ঘাঁটি দখল করেছে। এতে চরম কোণঠাসা অবস্থায় আছে সামরিক বাহিনী। অনেকে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। খবর ইরাবতী।
গণমাধ্যমটি বলছে, সাগাইং, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চলের পাশাপাশি কাচিন এবং কারেন রাজ্যেও লড়াই চলছে।কারেন রাজ্য থেকে জান্তা বাহিনীকে উৎখাত করার অঙ্গীকার করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন।সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন কারেন, মোন রাজ্য, তানিনথারি ও বাগো অঞ্চলে লড়াই করছে।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২২৯ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন। এর আগে এসেছেন ১১৫ জন। নতুন করে আরও ১১৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বিজিপিসহ মিয়ানমার সরকারের অন্যান্য বাহিনীর সদস্যও রয়েছেন।










