ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় এক শীর্ষ কমান্ডারকে তারা হত্যা করেছে। খবর আল জাজিরা।
সামাজিকমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরায়েলের দিকে ড্রোন হামলার দায়িত্বে থাকা কমান্ডার আমিন পোর জোদখিকে লক্ষ্যবস্তু করে হত্যা করেছে।
তেল আবিব দাবি করে, এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন ইউনিটের আরেক গুরুত্বপূর্ণ কমান্ডার তাহার ফুরকে হত্যার পর আমিন পোর জোদখি কমান্ড ইউনিটের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
তবে এই দাবি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ইসরায়েলের দাবি, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক মহলে এই ধরনের হত্যাকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।
আইআরজিসি (ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী) ইরানের শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার মাধ্যমে সামরিক কার্যক্রমে সক্রিয় রয়েছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি।















