মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। এরই মধ্যে রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের ঘাঁটি দখলে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি। স্থানীয় সময় রোববার আরাকান আর্মিরা এ ঘাঁটি দখল করে। খবর দ্য ইরাবতী। 

এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ম্রাউক ইউ শহরে সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটালিয়ন ও পুলিশের ৩১ ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। জান্তা বাহিনীর গোলাবর্ষণে এ শহরের চার বাসিন্দা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, জান্তা সৈন্যরা রামরি শহরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে। তবে শহরটিতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি। মিনবিয়া শহরের খোয়া সোন গ্রামে সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত তিন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। 

এর আগে, আরাকান আর্মির যোদ্ধারা ২৪ জানুয়ারি পাকতাও শহরের দখল নেন। এরপর থেকেই সেনাবাহিনী এ শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে।