ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে হামাসের
দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েক
মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি)
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসি।
এর আগে গত সপ্তাহে গাজায় ছয় সপ্তাহের
একটি যুদ্ধবিরতির প্রস্তাব করে ইসরায়েল। তবে হামাস প্রাথমিকভাবে সে যুদ্ধবিরতিতে সম্মত
হয়নি। বেশ কয়েকটি শর্ত দিয়ে নতুনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব করে হামাস। প্রস্তাবের চুক্তি
অনুয়ায়ী এই সময়ের মধ্যে সমস্ত কারাবন্দী মুক্ত করার প্রস্তাব করে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী
সংগঠনটি। এছাড়া পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা ও যুদ্ধ শেষ
করার প্রস্তাবও করেন তারা। তবে নেতানিয়াহু হামাসের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের
সঙ্গে আলোচনা আর কোথাও যাচ্ছেনা। হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘উদ্ভট’ বলেও মন্তব্য
করেন তিনি। নেতনিয়াহু আরো বলেন, গাজায় চূড়ান্ত বিজয় ব্যাতীত সমাধানের আর কোনো পথ নেই।
যদি হামাস গাজায় অবস্থান করে তাহলে আমাদের পরবর্তী হামলার জন্য সময় গুনতে হবে।
অন্যদিকে হামাস নেতানিয়াহুর বক্ত্যব্যের
কড়া সমালোচনা করেছেন। হামাসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন,
নেতানিয়াহুর এই বক্তব্য ‘রাজনৈতিক স্পর্ধার’ একটি রূপ। নেতানিয়াহু গাজায় সংঘাত চালিয়ে
যেতে চান বলেও অভিযোগ এই নেতার।
উল্লেখ্য, হামাস-ইসরায়েল সংঘাত ইতোমধ্যেই
চার মাস অতিক্রম করেছে। গত চার মাসে ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার
৭০৮ জন। এছাড়া আহত হয়েছেন ৬৭ হাজার ১৭৪ জন।










