ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
সারি বলেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএম) ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে কিছু বলেনি তিনি ।
হুথিদের এ সামরিক মুখপাত্র জানান, চলতি সপ্তাহে এ পর্যন্ত সৌদি রয়্যাল এয়ার ফোর্স (আরএসএএফ) ইয়েমেনে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে।
সারি দাবি করেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধানে আসা সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমানের দুটি বহরকেও একই ধরনের স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিহত করা হয়েছে।
এদিকে পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগও অস্বীকার করেছেন হুথিদের এ মুখপাত্র। সারি বলেন, মিথ্যা প্রচারণা ও বানোয়াট তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না। ইয়েমেন থেকে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর জন্য কোনো ধরনের হুমকি নেই।










