রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তিনি জেলে মুত্যৃবরণ করেন। রাশিয়ার কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স, এপি ও স্পুটনিক গ্লোব।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। নাভালনি জেলের মধ্যে হাঁটাহাঁটির পর অসুস্থবোধ করেন এবং জ্ঞান হারান। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় কারা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে নাভালনির মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে। কারা কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করবে।

অ্যালেক্সি নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। ২০২১ সাল থেকে তিনি কারাবন্দি, উগ্রপন্থার দায়ে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়। গ্রেফতারের পূর্বে তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন। ক্রেমলিন বিরোধী বড় বিক্ষোভ ও সরকারি অফিস অভিমুখে পদযাত্রার আয়োজনও করেন।

তিনটি অভিযোগের ভিত্তিতে তাকে কারাদণ্ড দেয়া হয়। কিন্তু তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।

গত বছরের ডিসেম্বরে নাভালনিকে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন প্যানাল কলোনিতে পাঠানো হয়।

২০১৫ সালে ক্রেমলিনের নিকটবর্তী একটি সেতুতে রাশিয়ার বিরোধী নেতা বরিস নেমতসভকে গুলি করে হত্যার পর নাভালনির জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

নাভালনির স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রয়েছে। কারাবন্দি অবস্থায় তার স্ত্রী অভিযোগ করেন, শুধুমাত্র সত্য বলা ও গণতন্ত্রকে রক্ষা করতে চাওয়ায় নাভালনি জেলে রয়েছেন।