ভেনিজুয়েলায় চালানো মার্কিন হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র ইরান। আজ শনিবার ভোরে ভেনিজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কথিত এ হামলা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। এর পরিণতি পুরো আন্তর্জাতিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।
এদিকে, ভেনিজুয়েলার ওপর হামলার ঘটনায় বিশ্ববাসীকে সতর্ক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, পুরো বিশ্বকে জানাচ্ছি—ভেনিজুয়েলায় হামলা চালানো হয়েছে।
একই পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়া প্রজাতন্ত্র দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদার সুরক্ষা—সব ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত।















