ইরানে সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছিলেন, সেখান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং কাউকে ফাঁসি দেয়ার পরিকল্পনা দেশটির নেই বলে তাকে জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের জানানো হয়েছে, ইরানে বিক্ষোভকারীদের আর হত্যা করা হচ্ছে না। হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনাও নেই। তিনি বলেন, বিশ্বাসযোগ্য সূত্রে এ তথ্য জেনেছি। তবে এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো সূত্রের পরিচয় দেননি তিনি।

গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র হামলার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান বিক্ষোভে ইরানে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন এবং শাস্তিমূলক ফাঁসি কার্যকরের আশঙ্কা এখনো রয়ে গেছে।