রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। বৃহস্পতিবার (৩০ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
বৃহস্পতিবার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার (৪ জুন) পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ মনে করেন, স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি অনুমোদন পাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এ সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।
স্লোভেনিয়া সরকারের এ পদক্ষেপের দিন কয়েক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এ স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।










