স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তির
একটাই পথ, তা হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’ আজ মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিসভা
ভোটের আগে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। খবর আল জাজিরা।
নরওয়ে ও আয়ারল্যান্ডের পাশাপাশি আজ ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক
স্বীকৃতি দিয়েছে স্পেন।
স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া এক ঘোষণায় বলেন, ‘ফিলিস্তিন
রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে"মন্ত্রিসভা। এর
একটাই উদ্দেশ্য, তা হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।’
দেশটির এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ন্যায়বিচার’ বলে অভিহিত করেছেন স্প্যানিশ
প্রধানমন্ত্রী। পেদ্রো সানচেজ বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার একটাই পথ, তা হলো ফিলিস্তিন
রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করা।’
তিনি আরো বলেন, ‘উভয় পক্ষের সম্মতি ছাড়া ১৯৬৭ সালের আগের সীমানায়
কোনো পরিবর্তন আনা হলে তা আমরা মানব না। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের
দখল করা অঞ্চলগুলোর মধ্যে ছিল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা।’










