মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্যাগওয়ে গ্রামে জান্তাবিরোধী দুই যোদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে জান্তা বাহিনী। এর আগে ম্যাগওয়ে অঞ্চলের একটি গ্রামে জান্তাবিরোধী দুই যোদ্ধাকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। খবর ইরাবতী।
ইরাবতীর খবরে জানানো হয়েছে, তাদেরকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। স্থানীয় দুটি গণমাধ্যমে সর্বপ্রথম ফাঁস হওয়া ভিডিওটি প্রচারিত হয়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি ইরাবতী।
এ ঘটনায় মিয়ানমারের জান্তা বাহিনী এবং তাদের মিত্র পিউসাউটি মিলিশিয়া সদস্যদের দায়ী করেছে প্রতিরোধ গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ)।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যাক্তিকে স্থানীয় জনপ্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে স্বীকার করতে বাধ্য করা হচ্ছে। একই সঙ্গে ‘নিজেদের কুকুর’ বলে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে জান্তা সেনারা। সেখানে উপস্থিত জান্তাদের কেউ কেউ সামরিক পোশাকে এবং কয়েকজন বেসামরিক পোষাকে দাঁড়িয়ে ছিলেন।
ওয়াইডিএফের বলছে, নৃশংস এ হত্যাযজ্ঞ দেখতে গ্রামের প্রতিটি বাড়ি থেকে একজন করে ডেকে নেয়া হয়েছিল।










