ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ট্রাম্প উভয় পক্ষকে ‘তৎক্ষণাৎ লড়াই বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন এবং সমাধানে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। খবর ডন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘এটা ভয়াবহ। আমি উভয় দেশকেই খুব ভালোভাবে চিনি, তাদের নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই তারা এটা মিটিয়ে ফেলুক। আমি চাই তারা থামুক।‘
তিনি আরো বলেন, ‘ওরা একে অপরকে পাল্টা জবাব দিচ্ছে, আঘাতের বদলে আঘাত করছে। আশা করি এখন তারা থামবে।‘
ট্রাম্পের বক্তব্যে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের কথাও উঠে আসে। ‘আমরা উভয় দেশের সঙ্গেই ভালোভাবে মিলেমিশে চলি। তাই আমি চাই এটা বন্ধ হোক। আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি প্রস্তুত,’ বলেন তিনি।
বর্তমানে ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি, বিমান হামলা এবং সামরিক উত্তেজনা দুই দেশের নাগরিকদের জন্য চরম উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
বিশ্লেষকরা বলছেন, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই ধরনের উত্তেজনা শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। ফলে বিশ্ব নেতাদের শান্তি রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জোরালো হয়ে উঠছে।















