ভূমধ্যসাগরে একটি ছোট রাবারের ডিঙিতে থাকা ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে পানিশূন্যতা এবং খাবারের অভাবে  তারা মারা গেছেন। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ২৫ জন জানিয়েছে, তারা বেশ কয়েক দিন আগে লিবিয়ার জাওইয়া উপকূল থেকে রওনা হয়েছিল। কিন্তু তারা যাত্রা করার তিনদিন পরেই রাবারের ডিঙি নৌকাটির ইঞ্জিন অকেজো হয়ে যায়।  তখন যাত্রীরা খাদ্য ও পানি সংকটে সময় পার করেছেন বলে জানিয়েছেন তারা। পরে এসওএস মেডিটিরিয়ানি নামক একটি মানবাধিকার সংস্থার উদ্ধার দল ২৫ জনকে জীবিত উদ্ধার করে। জীবিতরা জানিয়েছেন তারা বেশ কয়েক দিন আগে লিবিয়ার উপকূল জাওইয়া থেকে যাত্রা করেছিলেন।

জীবিতরা জানিয়েছেন এ যাত্রায় অন্তত ৬০ জন মারা গেছেন যার মধ্যে মহিলা এবং একটি শিশু রয়েছে। তারা সবাই ক্ষুধা এবং তৃষ্ণায় মারা গেছেন। কেউ ডুবে মারা যাননি।  অনেকে নিখোঁজ হয়েছেন বলেও জানান তারা। উদ্ধারকৃতরা সবাই পুরুষ। এদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক। তারা সবাই সেনেগাল, মালি এবং গাম্বিয়ার অধিবাসী। 

এসওএস মেডিটিরিয়ানি জানিয়েছে, নৌকাটি গত সপ্তাহের শুক্রবার লিবিয়া থেকে রওনা করেছিল, পরে ইতালীর উপকূলরক্ষীদের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বেঁচে থাকা ব্যক্তিরা অত্যন্ত দুর্বল উদ্ধার করা হয়েছে এবং তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিতদের দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের একটি হেলিকপ্টারে করে সিসিলির হাসপাতালে পাঠানো হয়েছে।

আইওএম-এর মতে, গত বছর প্রায় ২ হাজার ৫শ অভিবাসী এই রুটে মারা গেছে বা নিখোঁজ হয়েছে, চলতি বছর এই সংখ্যা এখন পর্যন্ত ২শ ২৬ জন।