ইসরায়েলি অবরোধে বিদ্যুৎ বিচ্ছিন্নতা
এবং অক্সিজেনের অভাবে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের চার রোগী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের
বরাতে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই নিহতের
ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়
অভিযোগ করে বলেছে খান ইউনিসের এই হাসপাতালটি গত চার মাস ধরে ইসরায়েলি বাহিনীর দখলে
রয়েছে। সেখানে রোগীদের বাঁচাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের জরুরি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ
করে আরো বলা হয়েছে, ইসরায়েলের অবরোধের ফলে হাসপাতালটিতে রোগীদের মানবেতর জীবনযাপন করতে
হচ্ছে। বিদ্যুৎ এবং পানি সরবরাহ না থাকায় অমানবিক পরিস্থিতির মধ্যেই সন্তান প্রসব করছে
সেখানের মহিলারা।
গত চার মাসে হামাস নিধনের নামে গাজা
অঞ্চলের প্রায় সবগুলো হাসপাতালেই হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
এসব হামলার ফলে তীব্র বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে পড়েছে ওই চিকিৎসাকেন্দ্রগুলো। চিকিৎসার
অভাবে প্রাণ হারাচ্ছেন ওই অঞ্চলের বেসামরিক শিশু এবং নারীরা।










