ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইরানের দুটি ড্রোন। এ ঘটনা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
জরুরি উদ্ধারকর্মীদের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, শনিবার (২১ জুন) ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরের একটি দুইতলা ভবনে ইরানের একটি ড্রোন আঘাত হানে।
এ ঘটনার পর ওই স্থানের ছবিতে দেখা যায়, বিস্ফোরণে ওই ভবনের পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। এর চারপাশে ধুলোবালু ও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ইরানের ছোঁড়া দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সংঘাতের শুরু থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে প্রতিহত করা হয়েছে। ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।















