রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
আজ রোববার (৩০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনীর একটি দল ও গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক আব্বাস মিয়ার নেতৃত্বে ফোর্সসহ অভিযানে অংশ নেন। এ সময় উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় মো. শাজাহান সরদারের ছেলে আশিক সরদারের বাড়িতে অভিযানটি চালানো হয়।
অভিযানে বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৯ মিমি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে এ সময় আশিক সরদার দৌড়ে পালিয়ে যায়।

গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, আশিক সরদারকে এখনো ধরা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্রসহ সব আলামত জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।










